হিলি ইমিগ্রেশনে বাড়ছে যাত্রীসেবা, হচ্ছে ছাউনি, হেলথ স্ক্রিনিং সেন্টার ও লাগেজ স্ক্যানিং সুবিধা
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি এবং স্বাস্থ্য সুরক্ষায় হেলথ স্ক্রিনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি যাত্রীদের লাগেজ দ্রুত ও নির্বিঘ্নে তল্লাশির জন্য আধুনিক স্ক্যানার মেশিন স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান। স্থাপনা নির্মাণের জটিলতা ও সম্ভাব্য স্থান নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সীমানার জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের ভেতরে কোনো অবকাঠামো গড়ে তুলতে হলে দুই দেশের অনুমোদনের প্রয়োজন হয়। সে কারণে কোন স্থানে এগুলো নির্মাণ করা সম্ভব এবং প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা কীভাবে করা যায়, তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে।
লাগেজ স্ক্যানার প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান জানান, ইমিগ্রেশন ও কাস্টমস জোনে স্ক্যানিং সুবিধা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। ধাপে ধাপে দেশের সব স্থলবন্দরেই এ ব্যবস্থা চালু করা হবে। বাণিজ্য ও আমদানি-রপ্তানি প্রসঙ্গে মানজারুল মান্নান বলেন, বন্দরকেন্দ্রিক বাণিজ্য বাড়াতে সরকার প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সামনের দিনগুলোতে দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ ও বাজারের চাহিদার ওপর নির্ভর করে আমদানি-রপ্তানি আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে এসে পৌঁছালে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বন্দরের বিভিন্ন অবকাঠামো, চলমান কার্যক্রম এবং জিরো পয়েন্টের কাছাকাছি ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এবং পানামা পোর্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মন্তব্য