পূর্বাচলে প্লট দুর্নীতি, ১৪ বছরের সাজায় কারাগারে আশফাক
ফাইল ফটো
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আশফাক আজিজ। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর একই আদালত আশফাক আজিজসহ আটজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং আশফাকের ভাই শওকত আজিজ রাসেল।
রায়ে আশফাক আজিজ ও শওকত আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। উভয় ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকেও একই সাজা দেওয়া হয়েছে।
তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারা থেকে খালাস দেওয়া হয়। পাশাপাশি আশফাক ও শওকত আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে আশফাক আজিজ ও শওকত আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা করেন।
এদিকে একই মামলায় সাজাপ্রাপ্ত আশফাকের ভাই শওকত আজিজ রাসেল গত ১ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকেও কারাগারে পাঠানো হয়। পরে ১০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।

পাঠকের মন্তব্য