দেশজুড়ে থামছে না সহিংসতা, বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর
ফাইল ফটো
রাজধানীতেও দিনভর বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচটি বাসে আগুন এবং সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া পল্লবীতে যাত্রীবাহী বাস ও তুরাগে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই দিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এইচ খানের শহরের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই উপজেলার কয়েকটি গ্রামীণ ব্যাংক কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বরিশাল নগরীতে সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে নিচতলার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্র পুড়ে যায়।
একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গৌরনদীতে সাবেক এক কাউন্সিলরের বাড়িতে আগুন এবং সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় এবং জেলা কৃষক লীগের এক নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মোরেলগঞ্জে একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। জেলার বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের একটি সংকেত বক্সে আগুন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়।
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই জেলায় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় হামলা এবং পুলিশ বক্স ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আনোয়ারায়ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
ফেনীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পটুয়াখালীতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। এতে দুই দিকের বহু যানবাহন আটকা পড়ে। মিরসরাইয়েও মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে চালক রাজিব (৪৫) দগ্ধ হন। তাঁর সহকারী হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হন। খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপেও আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহীতে বিআরটিসির বাস ও রেললাইনে, রংপুরে একটি পরিবহনের বাসে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন একটি তেলের পাম্পে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে। জেলার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দোকানপাটও বন্ধ থাকে। বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পাঠকের মন্তব্য