মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী
ফাইল ফটো
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব পাওয়া নিঃসন্দেহে গৌরবের। তবে একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরবই সবচেয়ে বড়। সবার জীবনে এমন গৌরব অর্জনের সুযোগ আসে না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
তারেক রহমান বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে তাঁদের সম্মান জানানোর মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন তাঁকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা আজ ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো উজ্জ্বল। তাঁদের সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে উদ্যোগ নেয়, সে জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, আত্মমর্যাদাশীল ও বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করবে।

পাঠকের মন্তব্য