ঢাকার নদীদূষণের ৪২৬ উৎস শনাক্ত, চালু হবে বৃত্তাকার নৌপথ
ফাইল ফটো
ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ছে। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম চলছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ, নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর সীমানা সংরক্ষণের পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমানো সম্ভব হচ্ছে। বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মিত হলেও কিছু এলাকায় সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব অংশও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীদূষণ রোধে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। নদীতে বর্জ্য প্রবেশ বন্ধ এবং দূষণের উৎস নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। সড়কের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের অনুকূল পরিবেশ না থাকায় এ উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছিল। বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাট উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ঘাট ও স্টেশনগুলো সড়ক যোগাযোগের সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু হবে। এতে নগরবাসীর যাতায়াতের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য