কবি নজরুল কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ফাইল ফটো
ঘটনার সময় কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। আহতদের মধ্যে কলেজের মালি জাহাঙ্গীর আলম (৪৫) রয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র্যাবের সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার কয়েক মিনিট পর কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে।
কলেজের এক শিক্ষার্থী জানান, প্রথম বিস্ফোরণের সময় তারা বিষয়টি বুঝতে পারেননি। দ্বিতীয় বিস্ফোরণের পর একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হওয়ার খবর পান। তবে ককটেলটি কোন দিক থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কলেজের আহ্বায়ক ইরফান আহম্মেদ বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজের মালিসহ তিনজন আহত হয়েছেন। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলায় ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য