মেঘনা নদীর তীরভূমি দখল: সাত দিনের মধ্যে বালু অপসারণের নির্দেশ
একসময় মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি ছিল যে এলাকায়, নদীভাঙনে বিলীন হয়েছে স্থানীয়দের বসতবাড়ি ও জমিজমা। অথচ সেই নদীর জায়গাতেই বালু ফেলে ভরাটের অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া ও চরলাউদী মৌজা এলাকার। অভিযোগ উঠেছে, হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পাশে মেঘনা নদীর তীরভূমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। বিষয়টি জানার পর সরেজমিনে পরিদর্শন করে সাত দিনের মধ্যে ভরাট করা মাটি ও বালু অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিআইডব্লিউটিএর মেঘনাঘাট নদীবন্দরের উপপরিচালক (বন্দর) মোহাম্মদ নূর হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নদীর তীরভূমি অবৈধভাবে মাটি ও বালু দিয়ে ভরাটের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌপথ সংকুচিত হওয়ার পাশাপাশি নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিঠিতে সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে ও নিজ খরচে ভরাট করা মাটি-বালু অপসারণ করে নদীর জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে উচ্ছেদ কার্যক্রমসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উচ্ছেদের যাবতীয় ব্যয়ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, একসময় নদীর এ পাশের বিস্তীর্ণ এলাকায় তাঁদের জমিজমা ও বসতবাড়ি ছিল। নদীভাঙনে অনেকের বাড়িঘর ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যে জায়গাটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে, সেটিও একসময় নদীভাঙনে বিলীন হয়েছিল বলে দাবি তাঁদের। স্থানীয়দের অভিযোগ, নদীগর্ভে বিলীন হওয়া জায়গা আবার বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তাঁদের দাবি, জায়গাটির সরকারি মালিকানা ও নদীর সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান হোসাইন বলেন, অনেক কোম্পানি নদীকে নিজেদের সম্পত্তি মনে করে। অল্প কিছু জমি ক্রয় করে বালু দিয়ে নদীর জায়গা দখল করে নেওয়া অত্যন্ত দুঃখজনক।এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কামাল আকন্দ জানান, হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পাশে বালু দিয়ে ভরাটের বিষয়টি জানতে পেরে তাঁরা তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা সরেজমিনে জায়গাটি পরিদর্শন করেন। তিনি আরও জানান, আদালতের কোনো নির্দেশনা রয়েছে কি না, তা যাচাই এবং কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ যে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে, তাতে নৌ পুলিশ সহযোগিতা করবে।বিআইডব্লিউটিএর মেঘনাঘাট নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ নূর হোসেন বলেন, জায়গাটি পরিদর্শন করে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বালু অপসারণ করে জায়গাটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান থাকবে। বিআইডব্লিউটিএর চিঠিতে নদী রক্ষা-সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা, নদীকে জীবন্ত সত্তা ঘোষণা এবং প্রচলিত বন্দর ও পরিবেশ সংরক্ষণ আইনের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের কর্তৃপক্ষ আল-মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। নদীভাঙনে জমি হারানো মানুষের দাবি, মেঘনা নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে নদীর জায়গা রক্ষা করা হোক। নদী রক্ষা ও দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মন্তব্য