বিজয় দিবসে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দেশ
ফাইল ফটো
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিজয় দিবসের অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
নিরাপত্তা জোরদারে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানো এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনায় অংশ নেওয়া অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য