শাহ আমানত মাজারে ককটেল, আটক দুই
ফাইল ফটো
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরের জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আটক দুজন মাজারের ভেতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের নাশকতার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাজারের সামনের উঠানে ককটেলটি পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে শতাধিক মানুষের ভিড় জমে। এ সময় মাজার এলাকায় পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।

পাঠকের মন্তব্য