ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা
মোঃ আরিফুল হক সাহিন, পোরশা: দীর্ঘ ২৫ বছরের (২০০১–২০২৬) সফল ও গৌরবময় কর্মজীবন শেষে অবসরে গেলেন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুর রহমান সাইদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মোঃ সাহিদুর রহমান সাইদ ২০০১ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত নিরলস পরিশ্রম, মেধা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন, পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি শুধু একজন দক্ষ প্রশাসকই ছিলেন না, বরং শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন আদর্শ অভিভাবক এবং সহকর্মীদের কাছে ছিলেন অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী ও সহকর্মী কান্নায় ভেঙে পড়েন, যা পুরো অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিদায়ী বক্তব্যে মোঃ সাহিদুর রহমান সাইদ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া চান। অনুষ্ঠান শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পাঠকের মন্তব্য