কেরানীগঞ্জে ২০টি ককটেলসহ আটক ২
ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর মাঠসংলগ্ন এলাকায় চেকপোস্টে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকার নাজিম মিয়া (২১) ও দিদার আলির ছেলে আকাশ (১৯)। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেলসহ ওই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় বুধবার সকালে পশ্চিম বামনশুর মাঠসংলগ্ন চেকপোস্টে কদমতলী থেকে আটি বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা কদমতলী থেকে আটি বাজার হয়ে সাভারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় পুলিশ অবস্থান করছিল। এ সময় বিভিন্ন যানবাহনে, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

পাঠকের মন্তব্য