ঘোড়াঘাটে নাশকতার মামলায় ছাত্রলীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার, পৃথক অভিযানে আটক ৫
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ চন্দ্র মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।তদন্তের ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে কৃষক লীগ নেতা শহীদুল ইসলাম আকাশকে (৫৬) গ্রেপ্তার করা হয়। এরপর ২৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মহন্তকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এছাড়া পৃথক অভিযানে নিয়মিত মামলার দুই আসামি, রাজনৈতিক মামলার এক আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য