পুরোনো কায়দায় ক্ষমতায় ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী
ফাইল ফটো
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অতীতে গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষের আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষ স্বস্তি ফিরে পেয়েছিল। কিন্তু পরাজিত শক্তি আবারও হত্যা, রক্তপাত, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে।
এ সময় ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজন নিহত হওয়ার ঘটনার উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে প্রতিরোধে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা দাবি করেন, প্রতিবেশী দেশ ভারত থেকে এই গোষ্ঠীকে ইন্ধন দেওয়া হচ্ছে। দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রিজভী বলেন, অতীতে রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি নির্দিষ্ট দল ও তার নেতার অবদানকে বেশি গুরুত্ব দিতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি।
নতুন প্রজন্মের কাছে সত্য ও তথ্যনির্ভর ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বক্তব্য শেষে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পাঠকের মন্তব্য