নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১ বছরে পদার্পণ উদ্যাপন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নবীনগরের উন্নয়নের স্বার্থে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ।
এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবীনগরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাইদুল আলম সৌরাফসহ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি, জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৮৬ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাঠকের মন্তব্য