চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সোলার প্যানেল উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে ৫৩ বিজিবি ৯টি ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করে। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করা হয়। জব্দ করা সোলার প্যানেলগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধ এবং চোরাচালান দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে।

পাঠকের মন্তব্য