অসময়ের বৃষ্টিতে বগুড়ায় আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা
বগুড়ার মোকামতলার মাঠজুড়ে কেটে রাখা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কোথাও সারি করে বিছিয়ে রাখা, আবার কোথাও স্তূপ করে রাখা ধানের গোছা অসময়ের বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে। সময়মতো ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। রোববার সকালে মোকামতলার মধুপুর এলাকার আমনের মাঠে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। কৃষকেরা জমির পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, কেউবা ভিজে যাওয়া ধানের গোছা টেনে এক জায়গায় স্তূপ করছেন। আবার অনেকে ফসল নিয়ে দুশ্চিন্তায় ক্ষেতের পাশে বসে আছেন।মধুপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। ধান পেকে যাওয়ায় কেটে মাঠে রেখেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি সব এলোমেলো করে দিয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকাতে পারছি না। এভাবে পড়ে থাকলে ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আরেক কৃষক মুসা প্রামাণিক বলেন, ধান কাটার পর দ্রুত মাড়াই করে ঘরে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না, যা আমাদের লোকসানের মুখে ঠেলে দিচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, এবার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় মোট ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া প্রতিকূল হওয়ায় প্রায় ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতে পানি জমেছে। তিনি আরও বলেন, অধিকাংশ জমিতে পানি জমেনি। নিচু কিছু জমিতে পানি আটকে থাকলেও তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোদ উঠলে ধানের তেমন কোনো ক্ষতি হবে না। বৃষ্টি বেশি হলে কেটে রাখা ধানে অঙ্কুরোদগমের আশঙ্কা থাকলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই অনুকূলে। গত সপ্তাহে আবহাওয়া বিষয়ে কৃষকদের সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য