মান্দায় পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ
নওগাঁর মান্দায় গ্রামীণ জনপদে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পল্লী চিকিৎসকদের পেশাগত মনোবল বৃদ্ধির লক্ষ্যে পাঁচ শতাধিক চিকিৎসকের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিশেষ উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এসব সামগ্রী প্রদান করা হয়। শনিবার বেলা ১১টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স চালু করেন। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় পল্লী চিকিৎসকদের নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন, মান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল আলম এবং উপজেলা প্রকৌশলী শাহরিয়ার।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে, সহ-সভাপতি নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নানসহ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত পাঁচ শতাধিক পল্লী চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত পল্লী চিকিৎসকদের হাতে রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন) ও স্টেথোস্কোপ তুলে দেন।

পাঠকের মন্তব্য