পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান, ভালো ফলনে আশাবাদী কৃষক
মোকছেদুল ইসলাম ,পত্নীতলা: বরেন্দ্রভূমির শস্যভান্ডারখ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন মাঠে ব্যাপকভাবে এ ধানের চাষ করেছেন কৃষকরা। ধানের ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশায় রয়েছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে প্রায় ৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে সুগন্ধি আতব ধানের চাষ করা হয়েছে। ধানের ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
এবার উপজেলায় বিশেষ করে ব্রি ধান-৩৪ ও চিনি আতব জাতের ধান চাষ করা হয়েছে। এসব জাতের ধান থেকে প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ পর্যন্ত ফলন পাওয়া যায় বলে জানা গেছে।
সরেজমিনে উপজেলার পদ্মপুকুর, কাঞ্চন, নাদৌড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের আবাদ। এসব এলাকার জমি আতব ধান চাষের জন্য উপযোগী হওয়ায় অনেক কৃষক অন্যান্য জাতের ধানের পরিবর্তে সুগন্ধি আতব ধান চাষে আগ্রহী হয়েছেন।
তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন তারা। তারপরও ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ার প্রত্যাশায় রয়েছেন চাষিরা।
উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো. আব্দুস সামাদ জানান, তিনি প্রায় ১০ বিঘা জমিতে সুগন্ধি আতব ধানের চাষ করেছেন। ফলন ভালো হলে এবং বাজারে ন্যায্যমূল্য পেলে তিনি লাভবান হবেন বলে আশা করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, আউশ ধান কাটার পর সুগন্ধি আতব ধান চাষের সুযোগ রয়েছে। এ ধানের ভালো ফলন হলে এবং বাজারে উপযুক্ত দাম পাওয়া গেলে কৃষকরা লাভবান হবেন। কৃষকদের ধান চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

পাঠকের মন্তব্য