চট্টগ্রামের সিটি গেটে ৩ কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ।বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট সংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশ চেকপোস্টের বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।এ ঘটনায় সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৪, তারিখ ১২ নভেম্বর ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি।

পাঠকের মন্তব্য