যান চলাচলে প্রতিবন্ধকতা: ইউএনওর হস্তক্ষেপে দুই পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ
আবদুল্লাহ আল নোমান , পটিয়া : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার ছানাউল্লাহ বাড়ি সংলগ্ন একটি সড়কের মাঝখানে পাকা পিলার স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পটিয়া পৌরসভা পিলার অপসারণে অভিযান শুরু করলেও বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বিষয়টি সমাধানে দুই পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পটিয়া পৌরসভার অর্থায়নে নির্মিত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে ছানাউল্লাহ বাড়ির অন্তত ৩০টি পরিবার যাতায়াত করে আসছে। পাশাপাশি স্থানীয় মসজিদে যাওয়ার পথ হিসেবেও সড়কটি ব্যবহৃত হয়। গত ১২ নভেম্বর মসজিদ কমিটির পরিচয়ে কয়েকজন ব্যক্তি সড়কের মাঝখানে তিনটি পাকা পিলার স্থাপন করেন।পিলার স্থাপনের ফলে সড়কটি সংকুচিত হয়ে পড়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসী পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে মো. আবু তাহের ও আবু সালেকের বিরুদ্ধে সড়কের ওপর পিলার স্থাপনের অভিযোগ করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পিলার অপসারণের কাজ শুরু করলে মো. শাহজাহান, মো. রফিক ও মো. গফফারসহ কয়েকজন তাতে বাধা দেন। এ সময় পৌরসভার কার্যসহকারী মো. নজরুলের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি ইউএনও ফারহানুর রহমানকে জানানো হলে উপজেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা কার্যালয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।পিলার স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে মো. শাহজাহান দাবি করেন, সড়ক দিয়ে ইট ও বালুভর্তি ভারী ট্রাক চলাচলের কারণে মসজিদের পরিবেশ ও পবিত্রতা বিঘ্নিত হচ্ছে। তাই মসজিদের পরিবেশ সুরক্ষা এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে মসজিদ কমিটির পক্ষ থেকে পিলার স্থাপন করা হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী বাসিন্দারা সড়কটি উন্মুক্ত রেখে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মসজিদের পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও জনসাধারণের চলাচলের পথ বাধাগ্রস্ত করা উচিত নয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে বিষয়টি নিষ্পত্তি করা হবে। তিনি আরও জানান, সড়কের ওপর খুঁটি দেওয়ার কোনো এখতিয়ার কারো নেই। তবে মসজিদের পবিত্রতা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য