পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১
আবদুল্লাহ আল নোমান ,পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রামিস (২১) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার পশ্চিম হাজারিবিগা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত রামিস একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে দুই তরুণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথে কুসুমপুরা বোর্ড অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত রামিসকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাফায়াত আহমেদ জানান, তিনি পটিয়া থেকে বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সামনে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের একজন আরোহীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এদিকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত চলাচলকারী ঈগল পরিবহনের বাসগুলোর বিরুদ্ধে বেপরোয়া গতিতে চলাচলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব বাসের অসতর্ক ও দ্রুতগতির চলাচল মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মন্তব্য