ধর্মপাশার ২০ একর জমিতে করলা ও মিষ্টি কুমড়ার চাষ
ফাইল ফটো
সাদ্দাম হোসেন, ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাটগাঁও গ্রামের হলদির হাওরে বাণিজ্যিকভাবে ২০ একর জমিতে সবজি চাষ করেছেন বাটগাও গ্রামের মৃত আব্দুল হান্নান তালুকদারের বড় ছেলে মো. জিয়াউর রহমান জিয়া। বিস্তীর্ণ হাওরের বুকে সবুজের এই উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চারা রোপণের উপযোগী করে জমি প্রস্তুত করতে কার্তিক মাসের শুরু থেকেই জমি চাষের কাজ শুরু করেন জিয়াউর রহমান। এরপর কার্তিক মাসের ১৫ তারিখ থেকে নিয়মমাফিক সবজি বীজের চারা রোপণ শুরু হয়। মোট ২০ একর জমির মধ্যে ১০ একর জমিতে করলা এবং বাকি ১০ একর জমিতে মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে।
আবাদ শুরুর পর থেকে এ পর্যন্ত জমি তৈরি, বীজ, চারা রোপণ ও পরিচর্যা বাবদ প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। হাওরের এই বিশাল সবজি খেতে প্রতিদিন নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৫ জন কৃষি শ্রমিক কাজ করছেন। এতে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের পাশাপাশি হাওর অঞ্চলে বাণিজ্যিক সবজি চাষে আগ্রহ বাড়ছে। খোলা আকাশের নিচে সুবিস্তৃত হাওরের উর্বর জমিতে সারিবদ্ধভাবে বেড়ে উঠছে সবজির চারা। শ্রমিকরা নিষ্ঠার সঙ্গে জমি পরিচর্যা ও আগাছা পরিষ্কারের কাজ করছেন, আর হাওরের প্রকৃতিকে দিয়েছে এক অনন্য রূপ। হাওরে এক ফসলি বোরো ধানের পাশাপাশি শীতকালীন বা আগাম সবজি চাষে সময়মতো সেচ, মানসম্মত বীজ ও কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে কৃষক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, হাওরের জমি অনেক উর্বর। বোরো ধানের পাশাপাশি বিকল্প কিছু করার চিন্তা থেকেই এবার ২০ একর জমিতে করলা ও মিষ্টি কুমড়ার চাষ করেছি। এখন পর্যন্ত প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে এবং প্রতিদিন ১৫ জন শ্রমিক এখানে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো দাম পেলে খরচ পুষিয়ে বেশ লাভবান হওয়ার আশা করছি।
ধর্মপাশা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) মো: সাখাওয়াত হোসেন বলেন, হাওর অঞ্চলে এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরতা কমিয়ে শস্য বহুমুখীকরণে আমরা কৃষকদের সবসময় উৎসাহিত করছি। জিয়াউর রহমানের ২০ একর জমিতে সবজি চাষ একটি প্রশংসনীয় উদ্যোগ। তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও সবজি চাষে আগ্রহী হবেন। কৃষি অফিসের পক্ষ থেকে তাকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

পাঠকের মন্তব্য