মাগুরার শালিখায় ৯ হাজার ৯০০ কৃষকের মাঝে ১৯৩.৫ মেট্রিক টন সার ও ৯.৯ মেট্রিক টন বীজ বিতরণ
মাগুরার শালিখায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার সরিষাচাষি ও ৯০০ মসুরচাষির মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৯ হাজার সরিষাচাষিকে জনপ্রতি ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, ৯০০ মসুরচাষিকে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় মোট ৯ হাজার ৯০০ কৃষকের মধ্যে ১৯৩.৫ মেট্রিক টন সার ও ৯.৯ মেট্রিক টন বীজ বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসেন, উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ লালটু মিয়া, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, সাংবাদিক সাইফুল ইসলাম ও জসীম উদ্দীনসহ প্রণোদনা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত বলেন, কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণের মাধ্যমে আধুনিক চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মন্তব্য