২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাজপথে থাকবে বিএনপি: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল। বিএনপির হাতে স্বাধীনতার পতাকা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐক্য কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না। ’২৪-এর চেতনা ও মেজাজ ধারণ করে রাজপথে থাকবে বিএনপি। শুক্রবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল, মাগুরা বারের জিপি মঞ্জুরুল হাসান এবং জেলা হেফাজতে ইসলামের ওলামায়ে ইসলামী সভাপতি কাজী জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, রাষ্ট্রবিরোধী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। কোনো অপশক্তির অপতৎপরতা সহ্য করা হবে না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড চালানো হচ্ছে, সেগুলোর কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমমনা রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, গণহত্যাকারীরা ১৭ বছর ধরে খুন, গুম ও নির্যাতন চালিয়েছে। স্ত্রীদের কাছ থেকে স্বামী এবং মায়ের কাছ থেকে সন্তানকে তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দেশের মানুষ আর তাদের দেখতে চায় না। মন্ত্রী বলেন, ‘বিএনপি বাঘের গর্জনে ভয় পায় না, আর হনুমানের ভেংচিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

পাঠকের মন্তব্য