ঝালকাঠিতে ১৭ বছর ধরে সংস্কারহীন সড়ক, জনদুর্ভোগ চরমে
নাজমুল আহসান ইমন , ঝালকাঠি : জনপ্রতিনিধিদের আশ্বাস আর প্রশাসনিক উদাসীনতায় ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনাইলবুনিয়া গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছরেও সংস্কারের মুখ না দেখায় মাত্র এক কিলোমিটার কাঁচা রাস্তার কারণে চরম জিম্মিদশায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যাওয়া এই কাদাপানি মাড়িয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আনাইলবুনিয়া এলাকার চান্দেরহাট বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। উন্নয়নবঞ্চিত এই সড়কটিতে দীর্ঘ দেড় যুগেও এক কোদাল মাটি পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে পুরো সড়কটি কর্দমাক্ত খালে পরিণত হয়েছে। সড়কের অসংখ্য গর্ত আর পিচ্ছিল কাদায় পা ফেলাই দায়। বিদ্যালয়গামী শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে, স্কুলের পোশাক ভিজিয়ে কোনোমতে রাস্তা পার হচ্ছে। প্রায়ই কাদায় পিছলে পড়ে বই-খাতা ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি আহত হচ্ছে শিক্ষার্থীরা। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ খোঁজ রাখেন না। বর্ষা মৌসুমে এ সড়কে অ্যাম্বুলেন্স কিংবা কোনো জরুরি যানবাহন প্রবেশ করতে পারে না।
ফলে মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের কাঁধে বা খাটিয়ায় করে প্রধান সড়কে নিতে গিয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়তে হয় স্বজনদের। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। সচেতন মহলের মতে, মাত্র এক কিলোমিটার সড়কের জন্য একটি বিশাল জনগোষ্ঠীকে এভাবে ভোগান্তিতে রাখা চরম দায়হীনতার পরিচয়। অবিলম্বে সড়কটি পাকাকরণের উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

পাঠকের মন্তব্য