কমলনগরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান জায়েদ হোসেন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নকে মামলা-হামলামুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জায়েদ হোসেন। তিনি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ, কালভার্ট স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।জায়েদ হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি আরও জানান, মেঘনার ভাঙনকবলিত এলাকা হওয়ায় তিনি নদীভাঙন রোধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। একটি শিক্ষিত, উন্নত ও মানবিক চর লরেঞ্চ ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে তিনি কমলনগর উপজেলার ৩ নম্বর চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পৈতৃক নিবাস কাদিরপণ্ডিতের হাট বাজারের হাবিব উল্যা মুন্সি বাড়িতে।

পাঠকের মন্তব্য