সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
ফাইল ফটো
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ডাকসু ভিপি। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁদের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়। একই সঙ্গে বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়।
সাদিক কায়েমের দাবি, বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পুরো ঘরে অগ্নিসংযোগ করাই হামলাকারীদের উদ্দেশ্য ছিল। তবে ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এ ধরনের হামলা আন্দোলনকে দমাতে পারবে না উল্লেখ করে সাদিক বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। চোরাগোপ্তা হামলা তাঁদের অবস্থান আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

পাঠকের মন্তব্য