আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নোবিপ্রবিকে হারিয়ে ইবির প্রথম জয়
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ‘খ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ২-১ গোলে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুটবল দল। এই জয়ের মাধ্যমে দলটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথমার্ধে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহেদের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া নোবিপ্রবি সমতায় ফেরে ইবির খেলোয়াড় ইয়ামিনের আত্মঘাতী গোলের সুবাদে। ১-১ সমতায় থাকা টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে শাহেদ আবারও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতাটি ‘ক’ ও ‘খ’ এই দুই গ্রুপে বিভক্ত এবং প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল ফাইনালে উত্তীর্ণ হয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় মাঠে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা চলবে।

পাঠকের মন্তব্য