নেত্রকোনায় ক্লাস চলাকালীন বিদ্যালয় ত্যাগ করলেন শিক্ষকরা
রবিউল আলম , মদন : নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ১৯ নম্বর পমদশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টার দিকে তিনটি ক্লাস বাকি থাকতেই একজন শিক্ষককে রেখে বাকি শিক্ষকদের বাড়ি চলে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি এ বিদ্যালয়ের নিয়মিত ঘটনা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন টিফিনের পরপরই প্রধান শিক্ষক বাড়ি চলে যান। পাশাপাশি দূর থেকে আসা শিক্ষকরাও দুপুর ২টার দিকে বিদ্যালয় ত্যাগ করেন। ফলে শেষের ক্লাসগুলো নেওয়ার মতো কেউ থাকেন না; শুধু রায়হান নামে এক শিক্ষক তাদের ক্লাস নেন।এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান বলেন, এই বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ৫ জন নারী এবং ১ জন পুরুষ। প্রধান শিক্ষক তিন দিনের ছুটিতে আছেন এবং বাকি চারজন শিক্ষক বাড়ি চলে গেছেন। এখন বিদ্যালয়ে শুধু আমি একাই আছি। ক্লাস পরিচালনা প্রসঙ্গে শিক্ষক রায়হান বলেন, আমি যতটুকু সম্ভব তিনটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে তিনটি ক্লাস একার পক্ষে নেওয়া সম্ভব নয়, এটি সত্য। তারপরও যতটুকু পারি চেষ্টা করব। প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, আমি আজ থেকে তিন দিনের ছুটি নিয়েছি এবং একজনকে দায়িত্ব দিয়ে এসেছি। তিনটি ক্লাস বাকি রেখে সবার চলে যাওয়া ঠিক হয়নি, এমন হওয়ার কথা ছিল না। বিষয়টি আমি দেখব।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, প্রধান শিক্ষক তিন দিনের ছুটিতে আছেন কি না আমার জানা নেই। তবে ২টার পর বিদ্যালয়ে কেন শিক্ষক নেই, তা জেনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত নির্ধারিত সময়ের আগেই শিক্ষকদের বিদ্যালয় ত্যাগের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। দ্রুত এ বিষয়ে শিক্ষা বিভাগের হস্তক্ষেপ ও তদারকির দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মন্তব্য