কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
কুড়িগ্রামের দুই সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে মাদক চোরাচালান ঠেকাতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১৩১ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের তৎপরতা রোধে শুক্রবার দিনভর এবং গভীর রাতে তিনটি স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানের প্রথমটি ছিল ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্ত এলাকায়। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বাগভান্ডার বিওপির দায়িত্বপূর্ণ খয়রার মোড় এলাকায় সন্দেহভাজন আব্দুল গফুর মিয়াকে (৩৮) আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ২১ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।একই দিন রাত পৌনে ৯টার দিকে ফুলবাড়ীর বালারহাট সীমান্তে মাদকবিরোধী তৎপরতা চালায় বিজিবির আরেকটি দল। বালারহাট বিওপির অধীন পশ্চিম বালাটারী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।এর কয়েক ঘণ্টা পর কাশিপুর সীমান্তের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১১০ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেন বিজিবি সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।তিনটি অভিযানে উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য আনুমানিক ৭৭ হাজার ৪৫০ টাকা।আটক আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার জন্য তাঁকে এবং উদ্ধার করা মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে বিজিবি তথ্য সংগ্রহ করছে।লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার ও অবৈধ পণ্য পাচার বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় সীমান্তে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য