এখন তো আগুন লাগলেও নাশকতা, ওসির বক্তব্যে বিতর্ক!
ফাইল ফটো
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় দিনদুপুরে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। ঘটনাটি অগ্নিসংযোগ নাকি দুর্ঘটনা, তা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। এরই মধ্যে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমের একটি মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিডিনিউজের খবরে বলা হয়, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়। তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী একজনের দাবি, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান। অন্যদিকে, সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলমের দাবি, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্কিং করা ছিল। বাসটি গ্যাসচালিত বলে ধারণা করা হচ্ছে। রোদের প্রখর তাপে বাসটিতে আগুন ধরে যেতে পারে। কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।” তাঁর এ বক্তব্যের পর ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
ওসি সাইফুল আলমের অতীত দায়িত্ব পালন নিয়ে নানা অভিযোগ: সাভার মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. সাইফুল আলমকে ঘিরে তাঁর অতীত কর্মস্থলের বিভিন্ন অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালনকালে রাজনৈতিক হয়রানি, গ্রেপ্তার বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াতের কয়েকজন স্থানীয় নেতা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল আলম। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা জেলা পুলিশ তাঁকে সাভার মডেল থানার ওসি হিসেবে পদায়ন করেছে। এর আগে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা, টঙ্গীবাড়ী থানা এবং মেহেরপুর জেলা গোয়েন্দা শাখাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে জুলাই আন্দোলনের সময় সাইফুল আলম মেহেরপুর জেলা ডিবির ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে তাঁর ভূমিকা নিয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের অভিযোগ, তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী মোনালিসার প্রভাব খাটিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটানো হয়েছিল। এসব ঘটনায় সাইফুল আলমের ভূমিকা ছিল বলে তাঁরা দাবি করেন।
এ ছাড়া আটকে রেখে অর্থ আদায় এবং গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগও তুলেছেন কয়েকজন নেতা। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হুসাইন অভিযোগ করেন, ডিবির ওসি থাকাকালে সাইফুল আলমের নেতৃত্বে তাঁদের দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের সময় কয়েকজন নেতাকর্মীকে আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগও করেন তিনি।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান দাবি করেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ডিবির ওসি হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছিল।
তাঁর অভিযোগ, তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন সাইফুল আলম। এ ছাড়া সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অনলাইন জুয়ার নেটওয়ার্কের কার্যক্রমেও সাইফুল আলমের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলামও সাইফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একদিকে সাভারে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে অগ্নিসংযোগের ইঙ্গিত, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ফলে বাসে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি একজন পুলিশের ওসির মত দায়িত্বশীল বক্তব্য ও অতীতের অভিযোগগুলোও যথাযথভাবে যাচাইয়ের দাবি রাখে।

পাঠকের মন্তব্য