কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৩৭) ও বিশ্বজিৎ চন্দ্র সেন। তাঁরা স্থানীয়ভাবে যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে তাঁদের সুনির্দিষ্ট সাংগঠনিক পদবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে স্মার্ট কোচিং সেন্টারের সামনে থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুলেরপাড় এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বিশ্বজিৎ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলম উপজেলার মধ্য কাশিপুর গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে এবং বর্তমানে তিনি চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকায় বসবাস করেন। অন্যদিকে বিশ্বজিৎ চন্দ্র সেন নাওডাঙ্গা ইউনিয়নের পুলেরপাড় এলাকার বিমল চন্দ্র সেন ও দীপা রানীর ছেলে।পুলিশ জানায়, চলতি বছরের আগস্ট মাসে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্ত হিসেবে নাম থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।

পাঠকের মন্তব্য